‘নাহি পাই নাম তব বেদে কি পুরাণে,
কিন্তু বঙ্গ–অলঙ্কার তুমি যে তা জানি
পূর্ব্ব–বঙ্গে। শোভ তুমি এ সুন্দর স্থানে
ফুলবৃন্তে ফুল যথা, রাজাসনে রাণী।…’
মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুর কিছুদিন আগে তৎকালীন পূর্ববঙ্গের ঢাকায় এসেছিলেন। স্থানীয় পোগোজ স্কুলে ঢাকাবাসী তাঁকে সংবর্ধনা দেন। কবি তখন ঢাকাবাসীকে এ কবিতাটি পড়ে শোনান। (ক্ষেত্রগুপ্ত সম্পাদিত, মধুসূদন রচনাবলী, কলকাতা, ১৯৭৪, পৃষ্ঠা ১৯৪)।
বাংলা সাহিত্যে যে কয়েকজন কবি স্থায়ী আসন করে নিয়েছেন, মাইকেল মধুসূদন দত্ত তাঁদের একজন। বাংলা কবিতায় তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন। ১৮৬১ সালে প্রকাশিত মেঘনাদবধ কাব্য তাঁর একটি কালোত্তীর্ণ রচনা।